হোয়াটসঅ্যাপে মিললো নতুন ত্রুটি
ইন্সট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন ত্রুটির দেখা মিলেছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন নতুন এই ত্রুটির ফলে হ্যাকাররা শুধুমাত্র মোবাইল নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থগিত করে দিতে পারে।
জানা গেছে, নতুন এই ত্রুটির ফলে অ্যাকাউন্ট স্থগিতের পাশাপাশি হ্যাকাররা আক্রান্ত অ্যাকাউন্ট ফের চালু করার সময় ব্যাঘাত সৃষ্টি করতে সক্ষম। টু-ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম চালু থাকলেও এই ত্রুটি রোধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
নিরাপত্তা বিশেষজ্ঞ লুইজ মারকুয়াজ এবং ক্যানালেস বিষয়টি প্রথম উদঘাটন করেন। তারা জানান, হ্যাকার বা সাইবার আক্রমণকারীরা প্রথমে তাদের নিজেদের ফোনে আক্রান্ত গ্রাহকের মোবাইল নম্বর দ্বারা হোয়াটস অ্যাপ ইন্সটল করার চেষ্টা করেন। সেই সময়ে ভুল সিকিউরিটি কোড ব্যবহার করে এবং নতুন ই-মেইল আইডি ব্যবহার করে আক্রান্ত গ্রাহককে হোয়াটসঅ্যাপ চালানো থেকে বিরত রাখতে সক্ষম হ্যাকাররা।
এদিকে নতুন এই ত্রুটি সমধান করা হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানায়নি হোয়াটসঅ্যাপ।







